কুষ্টিয়ায় দুজনকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জেরে দুজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, হামলায় ২০ থেকে ৩০ জন অংশ নেয়।
নিহতরা হলেন দেবীনগর গ্রামের ফারুক হোসেন (৪০) এবং পাশের খানপুর গ্রামের আবদুল শেখ (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে রাতে মিন্টু চৌকিদারের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় সালিমের অনুসারী ফারুক হোসেন, আবদুল শেখ ও মুল্লুককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়।
গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই ফারুক হোসেন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আবদুল শেখের মৃত্যু হয়। আহত মুল্লুককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিন্টু চৌকিদার ও সালিম হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
মতামত দিন