কাকরাইলে আ. লীগ-বিএনপির সংঘর্ষ, যানবাহন ভাঙচুর
সমাবেশকে ঘিরে আজ শনিবার রাজধানীর কাকরাইল এলাকায় জড়ো হন আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মীরা। এতে সকাল ১১টায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাস্থলে থাকা সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি পিকআপ ভ্যানে করে গুলিস্তানের দিকে যাচ্ছিল। এ সময় কাকরাইল থেকে আরামবাগ পর্যন্ত রাস্তায় অবস্থান নেয় বিএনপির নেতা-কর্মীরা।
তারা আরও জানান, পিকআপ ভ্যানটি কাকরাইল মোড় পার হওয়ার আগেই উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
যদিও এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কোনো পুলিশ কর্মকর্তা খবরটি নিশ্চিত করতে পারেননি।
এদিকে ইউএনবির প্রতিবেদনে বলা হয়, একই সময়ে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা এলাকায় জনমনে আতঙ্কের সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে বিএনপির নেতা-কর্মীরা কাকরাইল এলাকায় মিছিল বের করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যেতে থাকে। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে বিএনপি নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
প্রসঙ্গত, একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে দুই রাজনৈতিক দল। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে আওয়ামী লীগ। একইসঙ্গে সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করছে বিএনপি। আর শনিবারের সমাবেশে যোগ দিতে শুক্রবার রাত থেকেই সমাবেশস্থল এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির নেতা-কর্মীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে