Views Bangladesh Logo

পৃথক বাসা থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলায় একই মহল্লার পৃথক দুইটি বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাত প্রায় ১১টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মধ্য বাগপাড়ার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) এবং একই এলাকার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিমের বাবা-মা অন্যত্র থাকায় তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার পচন ধরা মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে, একই রাতে খবর পেয়ে পুলিশ শেখ শরিফের বাড়িতে গিয়ে তার কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। ঘটনার সময় তার অসুস্থ মা বাড়িতে থাকলেও বিষয়টি বুঝতে পারেননি। পুলিশের ধারণা, তার মৃত্যু গত ২৪ ঘণ্টার মধ্যেই হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং প্রাথমিকভাবে ঘটনাগুলো আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তাদের মাদকাসক্ত হওয়ার তথ্যও পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ