Views Bangladesh Logo

পাসপোর্টে সিল জালিয়াতির ঘটনায় ২ বিদেশি নাগরিক রিমান্ডে

 VB  Desk

ভিবি ডেস্ক

পাসপোর্টে অ্যারাইভাল সিল জালিয়াতি করে বাংলাদেশ থেকে যাওয়ার সময় ইমিগ্রেশনে গ্রেপ্তার দুই বিদেশি নাগরিককে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- চিমারোক ম্যাগনাস উজোইগি (২৬) ও ফ্র্যাংক কফি (২৯)।

তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক সাদ্দাম হোসেন আদালতে জানান, আসামিরা ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে যথাক্রমে নাইজেরিয়া ও ইথিওপিয়া যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরের ২ নম্বর বহিগমন টার্মিনালের ২৫ নম্বর ডেস্কে উপস্থিত হন।

ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের পাসপোর্টের সিল সন্দেহজনক মনে করলে বিষয়টি যাচাইয়ের জন্য টার্মিনালের ইনচার্জকে অবগত করা হয়। পরে ওসি ইমিগ্রেশন যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মামলার বাদী ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক এবিএম নূর উদ্দিনের কাছে প্রেরণ করেন।

তদন্তে দেখা গেছে, আসামিরা ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন এবং পাসপোর্টে থাকা ভারত ত্যাগের (অ্যারাইভাল/ডিপার্চার) সিল জাল। তারা ২০ জুলাই ও ১৭ জুলাই ২০২৩ তারিখে ভারত থেকে বাংলাদেশে যে সিল ব্যবহার করেছেন, তা বৈধ নয়।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা আদালতে জানান, আসামিরা কার মাধ্যমে এবং কোন আন্তর্জাতিক চক্রের সহায়তায় পাসপোর্টে জাল সিল ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেছে তা উদঘাটন এবং সহযোগীদের শনাক্তের জন্য পাঁচ দিনের রিমান্ড প্রয়োজন।

প্রসিকিউশন বিভাগের এসআই মো. আবু বকর ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার বিকাল ৪টা ৫০ মিনিটে ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দর থেকে আসামিদের গ্রেপ্তার করেন। একই দিন পুলিশ পাসপোর্ট জালিয়াতি, প্রতারণাসহ কয়েকটি ধারায় মামলা দায়ের করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ