টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি দুই অস্ত্রসহ ২৩৩ রাউন্ড গুলি উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে বিদেশি দুটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও ২৩৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বুধবার (১৯ আগস্ট) রাত থেকে সকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে একটি কাঠের বোট জব্দ করা হলেও অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার সন্ধ্যায় এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি চক্র নাফ নদীর সীমান্তপথ ব্যবহার করে বাংলাদেশে অস্ত্র এনে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহের চেষ্টা করছে।
এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত নাফ নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। একপর্যায়ে নদীতে সন্দেহজনক একটি কাঠের বোটের গতিবিধি নজরে আসে। কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলেও সেটি না থেমে দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের দিকে চলে যায়।
পরে বোটটি ফেলে পালিয়ে যায় চক্রের সদস্যরা। কোস্ট গার্ড সদস্যরা বোটটিতে তল্লাশি চালিয়ে জালের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পান। সেখান থেকে একটি বিদেশি এসভিডি দ্রাগুনভ রাইফেল, একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধার করা গোলাবারুদের মধ্যে রয়েছে রাইফেলের ২২৯ রাউন্ড তাজা গুলি, পিস্তলের দুই রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড ফাঁকা গুলি। অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত কাঠের বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মতামত দিন