Views Bangladesh Logo

পটুয়াখালীতে পোষা কুকুর পিটিয়ে হত্যা: দুজনকে ২০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালীতে দুটি পোষা কুকুরকে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. আবু বকর এ রায় দেন।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি পোষা কুকুরকে বাঁশের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কাঠের রোঁয়া ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নজরে আসে।

এরপর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এর ৭(২) ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় মামলা করেন। মামলায় দক্ষিণ বাদুরা গ্রামের মঞ্জু হাওলাদার (৫০) ও জহির হাওলাদার (৪৫) আসামি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান বলেন, প্রাণিকল্যাণ আইনে এ অপরাধের জন্য সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, আদালত সেটিই দিয়েছেন। রায়ে দুই আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতার ঘটনায় আদালতের এ রায় সমাজে সচেতনতা বাড়াবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ