মানিকগঞ্জে দুদিনের রিমান্ডে বৈষম্যবিরোধী দুই সাবেক ছাত্রনেতা
চাঁদাবাজি, পুলিশের সাথে দুর্ব্যবহার এবং সাইবার নিরাপত্তা আইন লঙ্ঘনের মামলায় মানিকগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মেহেরাব হোসেন ও আশরাফুল ইসলাম রাজুর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২২ মে) তাদেরকে জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক মো. রকিবুল ইসলাম উজ্জ্বল। শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বুধবার (২১ মে) সকালে মেহেরাব (১৯) ও রাজুকে (২১) তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলায় অভিযোগ করা হয়েছে, মেহেরাব হোসেনসহ অন্যরা সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয আওয়ামী লীগ নেতা, পুলিশ কর্মকর্তা এবং অন্যদের বিরুদ্ধে হওয়া মামলা বাতিল করে দেয়ার বিনিময়ে টাকা দাবি করেন। দুই অভিযুক্তের বিরুদ্ধে ভুয়া ফেসবুক পেজ 'মানিকগঞ্জ নিউজ'- এ মানহানিকর বিষয়বস্তু পোস্ট এবং হুমকি দেয়ার অভিযোগও রয়েছে।
পুলিশ বলছে, পেজটি জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক এবং ব্যবসায়ীদের লক্ষ্য করে তৈরি হয়েছিল।
একই পেজে সম্প্রতি একটি পোস্টে স্থানীয় একজন বাসিন্দার মানহানি করা হলে তিনি সদর থানায় মামলাটি করেন।অভিযুক্তরা বাদীর কাছ থেকে দুই লাখ টাকা দাবি করেন বলেও অভিযোগ রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে