ঈদযাত্রায় দুর্ঘটনা কমাতে প্রতি বাসে দুজন চালক রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে কোনো চালক যেন টানা চার থেকে পাঁচ ঘণ্টার বেশি গাড়ি না চালান—এ জন্য প্রতিটি বাসে অন্তত দুজন চালক রাখার নির্দেশ দিয়েছেন।
বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, ঈদে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনগুলোতে বিপুলসংখ্যক অস্ত্রধারী পুলিশ, ট্রাফিক পুলিশ, ডিবি, সোয়াট সদস্য এবং ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।
তিনি আরও জানান, লক্কর-ঝক্কর বা ফিটনেসবিহীন বাস যাতে সড়কে চলাচল করতে না পারে, সে জন্য প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করবে। এছাড়া সড়কের মাঝপথে যাত্রী উঠিয়ে যাতে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে বাস মালিকদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
ডিএমপি কমিশনার আরও বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে বিআরটিএ, সিটি করপোরেশনসহ ছয়টি সংস্থার ম্যাজিস্ট্রেট সমন্বিতভাবে অভিযান পরিচালনা করবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে