Views Bangladesh Logo

হাঁসকে কামড়ানোর অভিযোগে রশি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

পটুয়াখালীর সদর উপজেলায় হাঁসকে কামড়ানোর অভিযোগে দুটি পোষা কুকুরকে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা বাজারসংলগ্ন খেজুরতলা এলাকায় ঘটনাটি ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুটি কুকুরকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এরপর এক ব্যক্তি লাঠি দিয়ে তাদের মাথা ও শরীর লক্ষ্য করে এলোপাতাড়ি আঘাত করছেন। পাশে থাকা আরেক ব্যক্তিও কুকুর দুটিকে মারধর করেন। প্রাণ বাঁচাতে ছটফট করতে থাকা কুকুর দুটি একপর্যায়ে নিস্তেজ হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নিহত কুকুর দুটি স্থানীয় চায়ের দোকানি জাহাঙ্গীর প্যাদার পোষা ছিল। কয়েক দিন আগে একই এলাকার মনজু হাওলাদারের ছয়টি হাঁসকে কিছু বেওয়ারিশ কুকুর আক্রমণ করে। এ ঘটনায় জাহাঙ্গীর প্যাদার কুকুরকে দায়ী করে মনজু হাওলাদার তিন হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন। জাহাঙ্গীর টাকা দিতে অস্বীকৃতি জানালে কুকুর দুটি ধরে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ।

কুকুরগুলোর মালিক জাহাঙ্গীর প্যাদা বলেন, প্রায় চার বছর ধরে কুকুর দুটি লালন-পালন করছিলাম। নিয়মিত তাদের ভ্যাকসিনও দেওয়া হতো।

তার দাবি, যেদিন হাঁসের ওপর আক্রমণের ঘটনা ঘটে, সেদিন কুকুর দুটি বাড়িতেই ছিল। বিষয়টি মনজু হাওলাদারকে জানানো হলেও তিনি তা আমলে নেননি। মনজু হাওলাদার ও তার চাচাতো ভাই জহির হাওলাদার তার সামনেই কুকুর দুটিকে পিটিয়ে হত্যা করেন।

অভিযুক্ত মনজু হাওলাদারের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জেনেছেন। ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পরই সংশ্লিষ্ট থানাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ