উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একদিনে দুজনের প্রাণহানি
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একই দিনে দুটি পৃথক ঘটনায় দুজনের প্রাণহানি হয়েছে। একজন নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়, অন্যজন মারা গেছেন বিষপানে।
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে কুতুপালং ক্যাম্প-১ ইস্টের প্রধান সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন আবদুর রশিদ। তিনি ওই ক্যাম্পের বাসিন্দা নাজিম উদ্দীনের ছেলে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ক্যাম্প প্রশাসনের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
একই দিন সকাল দশটার দিকে কুতুপালং ক্যাম্প-২ ওয়েস্টের সি-৮ ব্লকে বিষপান করেন ১৫ বছর বয়সী কিশোর করিম উল্লাহ। তিনি ওই ক্যাম্পের বাসিন্দা শামসুল আলমের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের ধারণা, ব্যক্তিগত অভিমান থেকে করিম উল্লাহ বিষপান করেছিলেন। তবে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
উখিয়া থানার ওসি মুজিবুর রহমান উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে