Views Bangladesh Logo

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন, স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত আনুমানিক ১২টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের একটি কক্ষে আগুন লাগে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ধারণা করছে, জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

নিহতরা হলেন—স্ট্রোকের রোগী আবুল হোসেন হাওলাদার (৬০) এবং অর্থোপেডিক বিভাগের রোগী কাজী আতাউর রহমান (৮০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে মেডিসিন ভবনের তৃতীয় তলায় হঠাৎ আগুন দেখা যায়। ঝোড়ো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনরা রোগীদের নিয়ে দিগ্বিদিক ছুটোছুটি শুরু করলে হুড়োহুড়িতে কয়েকজন রোগীর শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কিছু পুরোনো চিকিৎসা সরঞ্জাম পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মানিকুজ্জামান বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেট থেকেই আগুনের সূত্রপাত।

এদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন উর ইসলাম জানান, রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় ওই দুইজনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ