Views Bangladesh Logo

চুয়েটের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব এবং কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের অর্ণব দত্ত। তাঁরা দুজনই ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে একপর্যায়ে তাঁরা পানিতে তলিয়ে যান। পরে একজনকে ৮–১০ মিনিট এবং অন্যজনকে প্রায় ৪০–৫০ মিনিট পর উদ্ধার করা হয়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২৮ জুলাই একই পুকুরে ডুবে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী অর্ণব সাহার মৃত্যু হয়েছিল। এরপর পুকুরের চারপাশে নিরাপত্তাবেষ্টনী ও পাড় বড় করার কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ