চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু
টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে নগরের চশমাহিল এলাকা এবং সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের বাগানবাড়ির ৬ নম্বর সমাজ এলাকায় সকাল ৯টার দিকে পাহাড়ধসে ১০ মাস বয়সী আশরাফুল ইসলাম ওরফে তানভীরের মৃত্যু হয়। একই ঘটনায় তার মা লামিয়া আক্তার মাটিচাপা পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, নিহত শিশুর মায়ের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
তিনি বলেন, টানা চার দিনের বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কায় বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্ক করা হলেও অনেক মানুষ এখনো ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন।
অন্যদিকে, চট্টগ্রাম নগরের চশমাহিলের মেয়র গলি এলাকায় দুপুরে পাহাড়ধসে সামিয়া ইসলাম (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, পাহাড়ধসে মাটিচাপা পড়ে সামিয়ার মৃত্যু হয়। পরে উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন।
টানা বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
মতামত দিন