Views Bangladesh Logo

নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই শিশুর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

সোমবার (২৪ আগস্ট) ভোররাতে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী এলাকার একটি বড় পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত রোহান (৮) মধ্য নাকশী গ্রামের হযরত আলীর ছেলে এবং ইসমাইল (৯) একই গ্রামের ওবায়দুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

এলাকাবাসী জানান, রোহান ও ইসমাইল মাঝেমধ্যে স্থানীয় নদী ও বিভিন্ন জলাশয়ে মাছ ধরতে নামত। তবে তারা ভালোভাবে সাঁতার জানত না। এ কারণে নিখোঁজ হওয়ার পর থেকেই স্বজনদের আশঙ্কা ছিল, মাছ ধরতে গিয়ে কোনো জলাশয়ে তারা তলিয়ে যেতে পারে। এরই মধ্যে সোমবার ভোররাতে মধ্য নাকশী এলাকার একটি বড় পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে একসঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার দুটির পাশাপাশি পুরো মধ্য নাকশী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ