Views Bangladesh Logo

গাজীপুরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আলাদা স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নগরহাওলা ও জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ।

মারা যাওয়া জিহাদ (৬) উপজেলার নগরহাওলা গ্রামের জাকির হোসেনের ছেলে। সে নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। অপরজন সুইটি (১৪) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় ভাড়া বাসায় থাকত।

স্থানীয় ব্যবসায়ী শিহাব খাঁন বলেন, বেলা ১২টার দিকে জিহাদ বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে যায়। দীর্ঘ সময় তার খোঁজ না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।এক পর্যায়ে পুকুরপাড়ে জিহাদের জুতা-জামা দেখতে পান স্বজনরা। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিন দুপুরে দক্ষিণ ধনুয়া এলাকার সুইটি তার বান্ধবী ও সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে বলে জানান স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম। তিনি বলেন, গোসলের এক পর্যায়ে এক শিশুকে বাঁচাতে গিয়ে সুইটি নিজেই পানির নিচে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় এক কৃষক পুকুর থেকে সুইটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

ওসি নাছির আহমদ বলেন, স্থানীয়দের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছেন তারা। তবে থানায় কেউ অবহিত করেননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ