Views Bangladesh Logo

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে দুই শিশু ডুবে মারা গেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—টিকলি চর এলাকার জহুরুল ইসলামের মেয়ে ৮ বছরের জেসমিন এবং চকপাড়া গ্রামের প্রয়াত কাজরের মেয়ে ৭ বছরের ইসরাত খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিশু পরিবারের অজান্তে নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় জেসমিন ও ইসরাত পানিতে ডুবে যায়। তাদের সঙ্গে থাকা ৬ বছরের মাহিন নিরাপদে তীরে উঠে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।

এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে আনুমানিক দুপুর ২টা ৪৫ মিনিটে জেসমিনের মরদেহ এবং বিকেল ৪টা ৩০ মিনিটে ইসরাতের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নেতা আব্দুর রাজ্জাক জানান, গোসলে নেমে সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও নৌ পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ