বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে দুই শিশুর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আশিক (৭) এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকার মোহাম্মদ মিরাজ (৩)।
স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত রয়েছে। এ অবস্থায় পাহাড় থেকে নেমে আসা প্রবল স্রোতে বাড়ির উঠানে থাকা দুই শিশু ভেসে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করলেও তারা আর বেঁচে ছিল না।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এনাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের দাফনের ব্যবস্থা করা হবে।
মতামত দিন