শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের ২ নেতা বহিষ্কার, দুই বছর ক্যাম্পাসে নিষিদ্ধ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আগামী দুই বছর তাদের ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক জহির বিন আলম।
বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান এবং সহ-দপ্তর সম্পাদক ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তারেক রহমান। তারা দুজনই ২০২১-২২ শিক্ষাবর্ষের এবং শাহপরাণ হলের আবাসিক শিক্ষার্থী।
অধ্যাপক জহির বিন আলম জানান, তদন্ত ও শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই বছর পর তারা নিয়মিত শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসে ফিরতে পারলেও আবাসিক হলে থাকার সুযোগ পাবেন না।
এ ছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীর শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার চিকিৎসার সব ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে বলেও সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ক্যান্টিনের খাবারের মান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করার জেরে গত ১৮ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাহপরাণ হলের আবাসিক খাইরুল খন্দকারকে মারধরের অভিযোগ ওঠে। আহত অবস্থায় তাকে সিলেট নগরীর একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এর আগে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ১৯ জুলাই ছাত্রদলও ওই দুই নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছিল।
মতামত দিন