শনিবার রাতে এইচএসসি পরীক্ষা দেবেন চট্টগ্রামের দুই শিক্ষার্থী
খ্রিষ্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ধর্মীয় বিধান অনুসরণ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে দুই এইচএসসি পরীক্ষার্থী শনিবার (৪ জুলাই) রাতে পরীক্ষায় অংশ নেবেন। একই বিশেষ ব্যবস্থায় সারাদেশে মোট ১৬০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, চলমান এইচএসসি পরীক্ষার সময়সূচিতে ছয়টি শনিবার পরীক্ষা থাকায় ধর্মীয় কারণে দিনের বেলায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দুই পরীক্ষার্থীর একজন নগরের হালিশহর ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী এঞ্জেলি সুয়ারি ত্রিপুরা। অন্যজন বান্দরবান জেলার একটি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেবেন।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, অন্য পরীক্ষার্থীদের মতো তাদেরও শনিবার সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। তবে তারা পরীক্ষার হলে না গিয়ে একটি নির্ধারিত পৃথক কক্ষে অবস্থান করবেন। সূর্যাস্তের পর সন্ধ্যায় তারা উত্তরপত্রে লেখা শুরু করবেন এবং রাত ১০টায় পরীক্ষা শেষ করবেন।
এ সময় প্রবেশপত্র ছাড়া অন্য কোনো সামগ্রী সঙ্গে রাখা যাবে না। তারা কক্ষের বাইরে যেতে বা কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। সার্বক্ষণিক একজন পরিদর্শক তাদের তত্ত্বাবধানে থাকবেন। তবে শুকনো খাবার সঙ্গে রাখার অনুমতি থাকবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ধর্মীয় বিধান অনুসরণ করে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষাবর্ষের সময়সূচি ঠিক রাখতে এবার শনিবারও পরীক্ষা রাখা হয়েছে, যাতে পরবর্তী সেশনের পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই আয়োজন করা সম্ভব হয়।
উল্লেখ্য, সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শনিবার সূর্যাস্তের আগে লেখালেখিসহ কিছু কাজ থেকে বিরত থাকেন অনুসারীরা। এ কারণে শিক্ষা বোর্ড তাদের জন্য সূর্যাস্তের পর রাতে পরীক্ষা দেওয়ার বিশেষ ব্যবস্থা করেছে।
মতামত দিন