Views Bangladesh Logo

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে বাস উল্টে খাদে, নিহত ২ ব্যবসায়ী

ফরিদপুরের ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে বাস খাদে পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী ‘শাহ ফরিদ’ নামের একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা টেকেরহাট থেকে বাঙ্গী বোঝাই একটি পিকআপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি উদ্ধার করি। আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে ৪০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়। পিকআপে থাকা দুই যাত্রীর মধ্যে জাহাঙ্গীর মোল্লা (৪২) ঘটনাস্থলেই মারা যান। অপরজন আলমগীর শেখ (৪০) ঢাকায় নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। নিহত দুজনই পেশায় ব্যবসায়ী এবং ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামের বাসিন্দা।

বাসের যাত্রীদের মধ্যে আহত অন্তত ২৫ জনের হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশ কেটে ও ভেঙে গেছে। স্থানীয়দের সহায়তায় ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহতদের সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ