আশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন
সাভারের আশুলিয়ায় পৃথক দুটি স্থানে দাঁড়িয়ে থাকা আলিফ পরিবহণের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে এ ঘটনা ঘটে। আগুনে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকের পাশে একটি বাসে আগুন দেওয়া হয়। একই সময়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা আলিফ পরিবহণের আরেকটি বাসে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সড়কের পাশে পার্ক করে রাখা বাস দুটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মতামত দিন