Views Bangladesh Logo

বাবার কবরের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, মাকে বাড়িছাড়া

যশোরের কেশবপুরে বাবার কবরের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষের পর বৃদ্ধা মাকে ভিটেবাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বামীকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই বাড়ি ছাড়তে বাধ্য হয়ে বর্তমানে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন নুরজাহান বেগম।

সোমবার (২৪ আগস্ট) সকালে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরজাহান বেগমের স্বামী আব্দুল খালেক মানের মরদেহ বাড়ির বারান্দায় রাখা ছিল। স্বজনরা যখন দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন বাবার কবরের জায়গা দেওয়া নিয়ে ছেলে মাহাবুর রহমান ও আসাবুর রহমানের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে দুই ভাই স্বজনদের নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এরপরই নুরজাহান বেগমকে ভিটেবাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে দুই ছেলের বিরুদ্ধে। বাড়িতে ঢুকতে না পেরে তিনি পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা গ্রামে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তার নিজ বাড়ি থেকে মেয়ের বাড়ির দূরত্ব প্রায় ১২ কিলোমিটার।

নুরজাহান অভিযোগ করেন, ছেলেরা তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। এমনকি তাকে খাবারও দেওয়া হচ্ছে না। তার এই বক্তব্যের ২৭ সেকেন্ডের একটি ভিডিও মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে মাহাবুর রহমান ও আসাবুর রহমানের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। আসাবুরের ছেলে আল আমিন জানান, চিকিৎসার জন্য তার বাবা বাইরে রয়েছেন। বড় চাচা মামলা করেছেন শুনে বাড়িতে আসেননি।

গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য পংকজ চক্রবর্তী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, ওই নারীকে বাড়িতে ঢুকতে না দেওয়ার বিষয়টি তার জানা নেই। তবে তিনি অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সংঘর্ষের ঘটনায় আহত মাহাবুর রহমান থানায় একটি অভিযোগ করেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ