Views Bangladesh Logo

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে কুষ্টিয়ায় দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা পবন এবং তার ভাই রুবেল মাহমুদ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে ১৫ আগস্ট ঘিরে গোপনে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্না করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে কুচিয়ামোড়া বাজার-সংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে এই দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার রুবেল বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে।

ভেড়ামারা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার দুই ভাই দীর্ঘদিন ধরে গোপনে দলীয় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ১৫ আগস্ট উপলক্ষে ইউপি চত্বরের পাশে তারা নেতাকর্মীদের জড়ো করার চেষ্টা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে যৌথ অভিযান চালায় পুলিশ ও কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নেওয়া হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে কুচিয়ামোড়া ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম জানান, ১৫ আগস্টকে সামনে রেখে ইউনিয়ন পরিষদের পাশে পবন ও তার ভাই রতনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা খিচুড়ি রান্নার পাশাপাশি সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন। তথ্যটি নিশ্চিত হওয়ার পর ভেড়ামারা থানা-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান বলেন, ‘তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। সংগঠিত হওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ