মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। শুক্রবার (২২ মে) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে সোপান (২২) এবং একই এলাকার রিপনের ছেলে আজওয়াদ (২২)। তারা দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সহপাঠী মাসুদের বরাতে জানা গেছে, ঢাকা থেকে ১৫ বন্ধু মিলে সোপানের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকালে তারা স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে সোপান ও আজওয়াদ গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন। তবে সঙ্গে থাকা বন্ধুদের কেউ সাঁতার না জানায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পানিতে নামতে পারেননি তারা।
বন্ধুদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন ঢালী জানান, পরে অনেক খোঁজাখুঁজির পর দুজনকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হওয়ায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে