Views Bangladesh Logo

চা বাগান থেকে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের রাজনগরে চা বাগানের একটি গাছ থেকে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকার মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের বাগান পাহারাদার স্বপন রাজভর বাগানের মোকাম আকাশি টিলায় একটি নিমগাছের সঙ্গে দুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী প্রায় এক মাস আগে আদালতে বিয়ে করেছিলেন। তবে তাদের দুজনেরই আগে বিয়ে হয়েছিল এবং সন্তানও রয়েছে। নতুন করে বিয়ের বিষয়টি নিয়ে তাদের পরিবারে কলহ তৈরি হয় বলে স্থানীয়রা জানান।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তারা একসঙ্গে আত্মহত্যা করে থাকতে পারেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এরই সূত্র ধরে ঘটনাটি ঘটতে পারে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ