Views Bangladesh Logo

কালিয়াকৈরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

গাজীপুরের কালিয়াকৈরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার মৌচাকে হোপ লোন ইন্টিমেট লিমিটেড কারখানার সামনে এই সংঘাত বাধে। এতে কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে হারুন অর রশিদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানা থেকে ঝুট বের করার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির হারুন গ্রুপ ও ফরহাদ গ্রুপের মধ্যে বিবাদ বাধে। একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটে এবং ফরহাদ গ্রুপের লোকজন হারুনের গাড়ি ভাঙচুর করে। পরে হারুন গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলা চালায়।

দলীয় সূত্রে জানা গেছে, হারুন অর রশিদ কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক এবং ফরহাদ হোসেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি। দুই গ্রুপের সদস্যরা কখনো বিএনপি নেতা কাজী সাইয়্যেদুল আলম বাবুল, আবার কখনো মজিবুর রহমানের অনুসারী বলে পরিচয় দেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবাই চলে যায়। তবে ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ঘটনাটি সত্য হলে তা নিন্দনীয়। বিএনপি এটিকে প্রশ্রয় দেবে না এবং তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ