চট্টগ্রামে ডাকাত সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে জামায়াতের দুই কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেজাম উদ্দিন ও আবু ছালেক। এদের মধ্যে নেজাম উদ্দিন দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। গত ৫ আগস্টের পর তিনি দেশে এসেছিলেন। কোনো পদে না থাকলেও তাদের দুইজনই স্থানীয়ভাবে জামায়াতের কর্মী হিসেবে পরিচিত।
নিহতদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর এলাকায় প্রভাব বিস্তার বাড়াতে থাকে কয়েকটি পক্ষ। সোমবার রাতে নেজামদেরকে ছনখোলা এলাকায় ডেকে নিয়ে যায় একটি পক্ষ। পরবর্তীতে মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে আরেকটি পক্ষ তাদের ওপর হামলা চালায়। এ সময় নিহতরাও গুলি ছুড়ে। তবে এক পর্যায়ে গণপিটুনিতে নিহত হন তারা।
এদিকে আরেকটি সূত্র জানায়, এক দল ডাকাতকে স্থানীয়রা ঘিরে ফেললে তারা পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এতে স্থানীয়দের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ হন। এরপর স্থানীয়র লোকজন দুইজনকে ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়াও এ ঘটনায় আহত পাঁচজনকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তাদের স্বজনরা নগরীর পার্কভিউ হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে চমেক হাসপাতাল কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে আনা হয়েছিল। তাদের নাম-পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি। পরে তাদের পার্কভিউতে নেয়া হয়।
এ ব্যাপারে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু বলেন, আমরা দুইজনের মরদেহ পেয়েছি। বিষয়টি পুরোপুরি এখনও ক্লিয়ার হতে পারিনি। কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে