জেদ্দায় বহুতল ভবনে আগুন, প্রাণ গেল দুই বাংলাদেশির
সৌদি আরবের জেদ্দায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার পর জেদ্দা শহরের তামানিন এলাকায় (তামান ইন আখের) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে মহিউল ইসলাম পলাশ এবং একই গ্রামের হারুন বেপারীর ছেলে ওবায়দুল ইসলাম। জীবিকার তাগিদে কয়েক বছর আগে তারা সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর বহুতল ভবনটিতে আকস্মিক আগুন লাগলে তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় ভবনের ভেতরে অবস্থানরত পলাশ ও ওবায়দুল আটকা পড়েন এবং বের হতে ব্যর্থ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। বর্তমানে জেদ্দার স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে তাদের মরদেহ রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।
মতামত দিন