Views Bangladesh Logo

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে কলেজছাত্রসহ দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) রাত সোয়া ১১টার দিকে সীমান্তের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

নিহতদের একজন মো. মোরছালিন (২২)। তিনি কসবার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর বাতানবাড়ি এলাকার হেবজু মিয়ার ছেলে এবং স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত মোরছালিনের পরিবারের সদস্যদের দাবি, রাতে স্থানীয় কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে সীমান্ত এলাকায় নিয়ে যায়। পরে ভারতীয় অংশে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে মোরছালিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে বিএসএফ তার মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায় বলেও অভিযোগ করেন তারা।

তবে বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, নিহতরা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক এস. এম. শরিফুল ইসলাম বলেন, শুক্রবার রাতে প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় সহযোগীদের সহায়তায় ধজনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে চোরাচালানি পণ্য নিয়ে ফেরার সময় বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের সদস্যরা তাদের বাধা দেয়।

তার ভাষ্য অনুযায়ী, এ সময় চোরাকারবারিদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে মো. মোরছালিন ঘটনাস্থলেই নিহত হন। আহত আরেক বাংলাদেশি পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজিবি জানায়, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনায় বিএসএফকে প্রটেস্ট নোট পাঠানো এবং পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ