Views Bangladesh Logo

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে সম্পৃক্ততার অভিযোগে মামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন ৩১ বছর বয়সী মো. মামুন আলী ও ২৭ বছর বয়সী রেফাত বিশাত।

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৫ আগস্ট) কুয়ালালামপুরের একটি আদালতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়।

অভিযোগ অনুযায়ী, মামুন আলী ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ‘সাহিফুল্লা ইসলাম’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে সমর্থনমূলক কার্যক্রম পরিচালনা করেছেন। এ ঘটনায় দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় মামলা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।

অন্যদিকে, রেফাত বিশাতের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৪ সালের ১০ জুলাই বিকেল ৪টা ৩০ মিনিটে জোহরের লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে অবস্থানকালে নিজের মোবাইল ফোনে আইএস-এর পতাকার ছবি সংরক্ষণ করেছিলেন। এই অভিযোগ দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় অন্তর্ভুক্ত, যেখানে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, জরিমানা এবং সংশ্লিষ্ট সামগ্রী বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইল শুনানিতে অভিযোগগুলো উপস্থাপন করেন এবং দোভাষী নিয়োগের জন্য আগামী ১২ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের হয়ে মামুন আলীর মামলায় ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়াহ আব মানাফ এবং রেফাত বিশাতের মামলায় নূর আইনিয়া রিদওয়ান উপস্থিত ছিলেন। তবে অভিযুক্তদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ