যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন জামিল লিমন ও নাহিদা এস. বৃষ্টি। দুজনেরই বয়স ২৭ বছর। বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই দুই শিক্ষার্থীর নিখোঁজ থাকার বিষয়টি গণমাধ্যমকে জানায়।
জামিল ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছেন। নাহিদা পিএইচডি করছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে।
বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, দুজনকে সবশেষ ১৬ এপ্রিল টাম্পায় দেখা গেছে। সেদিন সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ছাত্রাবাসে জামিলকে এবং সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে নাহিদাকে সর্বশেষ দেখা যায়।
তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে এক পারিবারিক বন্ধু পরদিন শুক্রবার বিকেল পাঁচটার দিকে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এরপর দুটি নিখোঁজ ডায়েরি করা হয় এবং অঙ্গরাজ্য ও জাতীয় পর্যায়ের নিখোঁজ ব্যক্তির ডেটাবেজে দুজনের নাম তালিকাভুক্ত হয়। বর্তমানে স্থানীয় হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় তাঁদের সন্ধানে কাজ করছে।
স্থানীয় সংবাদমাধ্যম ফক্স ১৩ টাম্পা বে-এর প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, এই দুই শিক্ষার্থী মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) হেফাজতে নেই।
তদন্ত চলমান থাকায় পুলিশ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে নিখোঁজ দুজনের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তা অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে