Views Bangladesh Logo

পীর শামীম হত্যার দুই সপ্তাহ পর ২ জনকে গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবারে হামলা ও দরবার পীর শামীম রেজা জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পর এই প্রথম কোনো আসামিকে গ্রেপ্তার করল পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার নাহারুল মণ্ডলের ছেলে বিপ্লব (২৬) এবং রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩)।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তদন্তের ভিত্তিতে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ফরজ আলী নামের আরেকজনকে থানায় আনা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১১ এপ্রিল ফিলিপনগর এলাকায় পীর শামীমের দরবারে হামলা চালায় উত্তেজিত জনতা। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে পীর শামীমকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ১৮০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ