Views Bangladesh Logo

পাওনা টাকা চাইতে গিয়ে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ অভিযোগ, গ্রেপ্তার ২

দিনাজপুরের হাকিমপুরে পাওনা টাকা চাইতে গিয়ে এক নারীকে বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার আরেক আসামি পলাতক রয়েছেন।

রোববার বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর উপজেলার পালপাড়া গ্রামের রুহুল আমিনের বাড়িতে পাওনা টাকা চাইতে যান ওই নারী। এ সময় রুহুল আমিন, শুকুর আলী ও ফেরদৌস হোসেন তাঁকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় আসামিরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ওই বাড়ি থেকে রুহুল আমিন ও শুকুর আলীকে আটক করেন। খবর পেয়ে হাকিমপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগীর মায়ের এজাহারের ভিত্তিতে হাকিমপুর থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। মামলার পর রুহুল আমিন ও শুকুর আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অপর আসামি ফেরদৌস মিয়া পলাতক রয়েছেন।

ওসি বাদশা আলম বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ