লঞ্চে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
লঞ্চের কেবিনে রাজধানীর এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকার কোতোয়ালী থানার ওসি শাহ্ মো. ফয়সাল আহমেদ জানিয়েছেন, রোববার হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে আসার পথে ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি ফয়সাল আহমেদ বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর ভিকটিমকে হাসপাতালে ভর্তি করাই এবং বিস্তারিত শুনে আসামিদের গ্রেপ্তারে মাঠে নামি। পরে টানা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই শিক্ষার্থীর বাবা তাকে লঞ্চের কেবিনে উঠিয়ে দিয়ে যান। এরপর রাতের সময়ে সাকিব ও নুরুজ্জামান কেবিনে প্রবেশ করে এবং শিক্ষার্থীর ওপর নির্যাতন চালায়। এ ঘটনায় শিক্ষার্থীর ভাই বাদী হয়ে সোমবার রাতে মামলা করেন।
মামলার এজাহারের ভিত্তিতে গ্রেপ্তারদের আদালতে হাজির করা হয়েছে। পুলিশ এবং তদন্তকারীরা অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত অব্যাহত রেখেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে