গাইবান্ধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
গাইবান্ধায় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে গাইবান্ধা পৌরপার্ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এমারুল ইসলাম সাবিন। তিনি সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
অন্যজন সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন।
জানা গেছে, আজ বিকেল পৌনে ৩টার দিকে শহরের এক নম্বর রেলগেট এলাকায় দলীয় কার্যালয় থেকে পুষ্পমাল্য নিয়ে একটি মিছিল বের করেন আওয়ামী লীগ (অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন) নেতাকর্মীরা।
মিছিলটি পৌরপার্কে অবস্থিত শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে তারা ফিরে যাওয়ার সময় দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানতে চাইলে গাইবান্ধা সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ভিউজ বাংলাদেশকে বলেন, আওয়ামী লীগের ওই দুই নেতার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল। সেই মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে