Views Bangladesh Logo

সাংবাদিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আদ-দীন হাসপাতালের দুই কর্মী সাময়িক বরখাস্ত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুই কর্মীকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (৬ জুন) আদ-দীন ফাউন্ডেশনের মানবসম্পদ ও কোম্পানি বিষয়ক পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ মে স্বাস্থ্য উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল ত্যাগ করার পর বিপুলসংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন। রোগীদের স্বার্থে প্রবেশ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হলে এক পর্যায়ে একজন সাংবাদিক হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মীকে অবমাননাকর ভাষায় সম্বোধন করেন বলে দাবি করা হয়।

এতে ওই কর্মী অপমানিত বোধ করে উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের হাসপাতাল ত্যাগ করতে অনুরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা হস্তক্ষেপ করেন।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে দুই কর্মীকে দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাদের সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে সামাজিক মর্যাদার কথা বিবেচনা করে বরখাস্ত হওয়া দুই কর্মীর নাম প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক ও হাসপাতাল কর্মীদের মধ্যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ