কোলন ক্যানসারের জয় করে এবার জরায়ু ক্যানসারে আক্রান্ত উপস্থাপক সামিয়া আফরিন
দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এর আগে কোলন ক্যানসার জয় করা এই অভিনেত্রীর শরীরে এবার নতুন করে জরায়ুর ক্যানসার শনাক্ত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন সামিয়া। পোস্টে তিনি জানান, প্রায় তিন মাস আগে তার শরীরে নতুন করে ক্যানসার শনাক্ত হয়। পরে দ্রুত অস্ত্রোপচার করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে তাকে নিয়মিত কেমোথেরাপি নিতে হচ্ছে।
সামিয়া জানান, প্রথমবার ক্যানসার শনাক্ত হওয়ার পর তাকে কেমোথেরাপি নিতে হয়নি। তখন ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। এবারকার চিকিৎসা তাই তার জন্য কিছুটা ভিন্ন অভিজ্ঞতা।
কেমোথেরাপির কারণে চুল পড়ে যেতে পারে জেনেও বিষয়টি নিয়ে মন খারাপ না করে ইতিবাচক থাকার সিদ্ধান্ত নিয়েছেন সামিয়া। নিজের নতুন লুক নিয়ে তিনি বলেন, কেমোর কারণে চুল পড়ে যাওয়ার আগেই নতুন হেয়ারকাট করে নিজেকে মোটিভেট করতে চেয়েছেন।
ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরে সামিয়া বলেন, যারা এই পথের মধ্য দিয়ে গেছেন, তারাই জানেন এই লড়াই কতটা কঠিন। নিজের কাছের কোনো মানুষকে যেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়, সেই প্রত্যাশাও জানান তিনি।
সবশেষে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সামিয়া আফরিন। তিনি আশা প্রকাশ করেন, আগের মতো এবারও নিজের শক্তি ধরে রেখে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
মতামত দিন