Views Bangladesh Logo

অভিনেতা তিনু করিম মারা গেছেন

ছোট পর্দার অভিনেতা তিনু করিম আর নেই। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশালে তার মৃত্যু হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী হুমায়রা নওশিন। তিনি স্ত্রী ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

হুমায়রা নওশিন জানান, তিনু করিম সম্পূর্ণ সুস্থ ছিলেন। তিন দিন আগে তারা গ্রামের বাড়ি বরিশালে যান। সবকিছু স্বাভাবিক থাকলেও দুপুরের দিকে হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা। আইসিইউ থেকে লাইফ সাপোর্ট—সব ধরনের সংকটময় পরিস্থিতি পেরিয়ে প্রায় ৪০ দিন হাসপাতালে কাটানোর পর চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে তিনি বাসায় ফেরেন। সুস্থতার মধ্যেই হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার জীবনাবসান হলো।

গত বছরের ৮ নভেম্বর বরিশালের গ্রামের বাড়িতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে ২৪ নভেম্বর তাকে ঢাকায় আনা হয় এবং একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার সামান্য উন্নতি হলে কেবিনে স্থানান্তর করা হলেও পরে রক্তচাপ ও সুগার লেভেল কমে গিয়ে তিনি অচেতন হয়ে পড়েন। ৩ ডিসেম্বর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ২৩ দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৬ ডিসেম্বর আবার আইসিইউতে স্থানান্তর করা হয়। ৩১ ডিসেম্বর তাকে কেবিনে নেওয়া হয় এবং সেখান থেকে বাসায় ফেরেন।

দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে তার অভিষেক হয়। ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় কাজ শুরু করেন। ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পান। একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপনের মাধ্যমে তিনি বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ