গাজীপুরের তুসুকা গ্রুপের ২৩৯ শ্রমিক ছাঁটাই
বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বন্ধ ঘোষণা করা গাজীপুরের কোনাবাড়ী এলাকার তুসুকা গ্রুপের ছয়টি কারখানার ২৩৯ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ছাঁটাই করা শ্রমিকদের তালিকা কারখানার প্রধান ফটকে টানিয়ে দেয়া হয়। এর সত্যতা নিশ্চিত করেছেন তুসুকা গ্রুপের পরিচালক তারেক হাসান।
এ বিষয়ে তুসুকা গ্রুপের পরিচালক তারেক হাসান সংবাদমাধ্যমকে বলেন, শ্রম আইনের বিধিমোতাবেক ২৩৯ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। তাঁদের সব পাওনা শ্রম আইন অনুযায়ী পরিশোধ করা হবে। কারখানায় মারামারি ও ভাঙচুরের অভিযোগে এই ছাঁটাই করা হয়েছে।
এদিকে এই নিয়ে শ্রমিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, অনেক শ্রমিক ছাঁটাই করা হয়েছে-এই খবর পেয়ে সকালে কারখানায় গেটে এসে দেখেন তাঁর নাম আছে। যেদিন আন্দোলন হয়েছে, সেদিন তাঁর ডিউটি ছিল রাতে। তাঁর কী দোষ, তিনি বুঝতে পারছেন না।
এমতাবস্থায় কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আবু তালেব। তিনি আরও বলেন, এছাড়া গোয়েন্দা নজরদারিও রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে