২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সারাদেশে অনুষ্ঠিত ভোটগ্রহণে ২৯৯টি আসনে গড় ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে এই হিসাব প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এই পরিসংখ্যান নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদন বিশ্লেষণ করে এই গড় ভোটের হার নির্ধারণ করে কমিশন।
জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদন বিশ্লেষণ করে এই গড় ভোটের হার নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, দেশের বিভিন্ন নির্বাচনি এলাকা থেকে প্রাপ্ত তথ্য একত্র করে এই পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে এবং মাঠপর্যায়ের বাস্তব চিত্রের ভিত্তিতেই ভোটের এই সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ২৯৯টি আসনের এই নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২,০২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, বাংলাদেশের গত ১২টি নির্বাচনের গড় ভোটের হার ছিল যথাক্রমে ৫৫%, ৫১.১২%, ৫৯.৫৮%, ৫৪.৯২%, ৫৫.৪৫%, ২৬.৫%, ৭৪.৯৬%, ৭৫.৫৯%, ৮৭.১৩%, ৪০.০৪%, ৮০.২০% এবং ৪১.৮%।
এদিকে এবারের সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম ভালো, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই নির্বাচনকে একটি বিশেষ মর্যাদা দিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে