Views Bangladesh Logo

এরদোয়ানের স্ত্রীর সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। এ লক্ষ্যে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক এলাকার নারীদের সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি বিশেষজ্ঞ দল ঢাকায় পাঠাতে চান তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) কপ-৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন এমিনে এরদোয়ান। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান। রাতে আন্তালিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী জানান, সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণের প্রথম দিনেই এ বৈঠক হয়েছে এবং তা ছিল অত্যন্ত ফলপ্রসূ। আলোচনায় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, বিশেষ করে নারী ও শিশুদের ওপর এর প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত কথা হয়। প্রস্তাবিত বিশেষজ্ঞ দল বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে। প্রান্তিক নারীদের স্বাস্থ্যসমস্যা মোকাবিলা ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়ই হবে এর মূল উদ্দেশ্য।

বৈঠকে জুবাইদা রহমান নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তুলে ধরেন। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, নারীদের স্বাস্থ্যঝুঁকি এবং সামাজিক সমস্যার কথাও জানান তিনি। পাশাপাশি পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির বিষয়ে তুর্কি ফার্স্ট লেডিকে অবহিত করেন। এসব উদ্যোগের প্রশংসা করে এমিনে এরদোয়ান বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু মোকাবিলায় দুই দেশের সহযোগিতার বিস্তর সুযোগ রয়েছে।

শামা ওবায়েদ জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও টিকে থাকার সক্ষমতার জন্য বাংলাদেশের মানুষের প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান। বর্জ্য থেকে জ্বালানি, সৌরবিদ্যুৎ ও পরিবেশবান্ধব উদ্যোগে সহযোগিতার আগ্রহও তিনি জানান। বিশেষ করে প্লাস্টিকের বিকল্প হিসেবে পচনশীল পাটজাত পণ্য তুরস্কসহ আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার বিষয়ে তাঁর বিশেষ উৎসাহ দেখা গেছে।

বৈঠকে রোহিঙ্গা সংকটও আলোচনায় ওঠে। প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় এমিনে এরদোয়ান কক্সবাজারের রোহিঙ্গা শিবির ঘুরে দেখেছিলেন। দীর্ঘদিন ধরে তুরস্ক সরকার রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। বৈঠকে সংকটের একমাত্র টেকসই সমাধান হিসেবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর জোর দেওয়া হয়। প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তুরস্কের ফার্স্ট লেডি।

বৈঠকে জুবাইদা রহমান এমিনে এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ২০১৭ সালের সফরের স্মৃতিচারণ করে তিনিও আবার বাংলাদেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। সুবিধাজনক সময়ে শিগগিরই সফরের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ