ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিন দিনের সফরে আগামীকাল (৪ জুন) ঢাকায় আসছেন। দুই দেশ যখন কৌশলগত সম্পর্ক আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করছে, তখন এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে, যা আগামী ৬ জুন অনুষ্ঠিত হতে পারে।
বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির আগামীকাল বৃহস্পতিবার সকালে দেশে ফিরবেন—তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ফিদানের সফরকে সামনে রেখে খুব শিগগিরই দেশে ফিরছেন ড. খলিলুর রহমান।
এর আগে গত ১৪ মার্চ আঙ্কারায় হাকান ফিদানের কার্যালয়ে তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন খলিলুর রহমান। উভয় পক্ষ আশা প্রকাশ করে, ওই বৈঠকের ফল আগামী বছরগুলোতে দুই দেশের সহযোগিতা জোরদার ও কৌশলগত অংশীদারত্ব গভীর করতে ভূমিকা রাখবে।
বৈঠকে বাংলাদেশ তুরস্কের সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর গুরুত্ব এবং বাংলাদেশ থেকে তুরস্কে দক্ষ জনশক্তি রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনার ওপর জোর দেয়। তুরস্কও দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় পর্যায়ে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। ওই বৈঠকে হুমায়ূন কবিরও উপস্থিত ছিলেন।
বাংলাদেশে বিএনপি সরকার গঠনের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এটিই ছিল প্রথম দ্বিপক্ষীয় বৈঠক। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো পরিসর নিয়ে আলোচনা হয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে মতবিনিময় করেন দুই পক্ষ। গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার যৌথ অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, কূটনৈতিক প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে ওই বৈঠকের সময় তুরস্কের ডিপ্লোম্যাসি একাডেমি ও বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে