প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ঢাকায় দুই দিনের সরকারি সফরের শেষ দিনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (৬ জুন) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন হাকান ফিদান। ওই বৈঠকে বাংলাদেশ ও তুরস্ক দীর্ঘদিনের সম্পর্ককে নতুন কৌশলগত (স্ট্র্যাটেজিক) পর্যায়ে উন্নীত করার বিষয়ে একমত হয়।
বৈঠকে বাংলাদেশে একটি বিশেষ তুর্কি অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পখাতে সহযোগিতা বাড়াতে তুরস্কের উন্নয়ন সংস্থা ‘টিকা’র সম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
তুর্কি বিনিয়োগের সম্ভাবনাময় খাত হিসেবে তৈরি পোশাক ও বস্ত্রশিল্প, প্রতিরক্ষা উৎপাদন, জাহাজ নির্মাণ, ওষুধশিল্প, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি এবং স্মার্ট প্রযুক্তি খাতের কথা তুলে ধরা হয়।
দুই দেশ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) অথবা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের সম্ভাবনাও আলোচনা করেছে। বর্তমানে বাংলাদেশ-তুরস্ক বাণিজ্যের পরিমাণ প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা ভবিষ্যতে ২ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে