কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার বিকেলে তিনি পালংখালী ইউনিয়নের বিভিন্ন ক্যাম্প ও তুরস্কের সহায়তায় পরিচালিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন।
জানা গেছে, শুক্রবার দুপুরে ঢাকায় সফর শেষে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান তিনি। পরে বিকেল ৪টার দিকে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তিনি তুরস্কের অর্থায়নে স্থাপিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন।
এরপর তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন। এসব ক্যাম্পে থাকা তুরস্কের সহায়তায় নির্মিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন তিনি।
সফরকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমানসহ ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র্যাব-১৫ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, ক্যাম্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে