বাংলাদেশের বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে তুরস্কের সেলেবির আগ্রহ
তুরস্কভিত্তিক আন্তর্জাতিক এভিয়েশন সেবা প্রতিষ্ঠান সেলেবি এভিয়েশন বাংলাদেশের বিমানবন্দরগুলোতে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ আগ্রহের কথা জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার।
সভায় সেলেবি এভিয়েশনের প্রতিনিধিরা বাংলাদেশের বিমানবন্দরগুলোতে যাত্রীসেবা, লাগেজ ব্যবস্থাপনা, কার্গো পরিচালনা ও বিমান পরিচালনা সহায়ক বিভিন্ন সেবার মান উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি নিয়োগের ক্ষেত্রে সেলেবি এভিয়েশনকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় কক্সবাজার বিমানবন্দর। মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের পর্যটন শিল্প সম্প্রসারণে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি এই বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমেও সেলেবি এভিয়েশনকে আগ্রহী হওয়ার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত যাত্রীসেবার গুণগত মান বাড়াতে প্রতিষ্ঠানটির কাছ থেকে একটি বিস্তারিত ‘কনসেপ্ট পেপার’ চেয়েছেন। এতে তারা কী ধরনের প্রযুক্তি, সেবা ও ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করবে, তার রূপরেখা তুলে ধরতে বলা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পর্যটন খাতে যৌথ বিনিয়োগ ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। দুই দেশই ভবিষ্যতে এভিয়েশন ও পর্যটন খাতে আরও বিস্তৃত অংশীদারিত্ব গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে