গাজায় গণহত্যার প্রমাণ দেবে তুরস্ক
গাজা উপত্যকায় ইজরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা ও গণহত্যার নথি সরবরাহ করে যাবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তানবুলে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
এরদোগান বলেন, “গাজা উপত্যকায় ইজরায়েলি বাহিনীর গণহত্যার নথি সরবরাহ করে যাবে তুরস্ক। আর সেগুলোর বেশিরভাগই ভিজ্যুয়াল নথি। আমি বিশ্বাস করি, ইজরায়েল দোষী সাব্যস্ত হবে। আমরা আন্তর্জাতিক বিচার আদালতের ন্যায়বিচারে বিশ্বাস করি।”
ইজরায়েলি বাহিনীর বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলে ৩০ ডিসেম্বর মামলার আবেদন জমা দেয় দক্ষিণ আফ্রিকা। এই দিন আইসিজেকে দ্রুত এ বিষয়ে শুনানির অনুরোধও করে দেশটি । সেই অনুরোধে সাড়া দিয়ে ১১ জানুয়ারি শুনানি শুরুর দিন ধার্য করেন বিশ্ব আদালত।
শুনানির দ্বিতীয় দিনে শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আদালতের বাইরে ইজরায়েলের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে হাজারও মানুষ। আদালতের বাইরে শুক্রবার শুনানি সম্প্রচার করা হয় বিশাল এক পর্দায়। হাড় কাঁপানো শীতের মধ্যেও সেখানে ছিল নারী-পুরুষ ও বৃদ্ধ-শিশুসহ হাজার হাজার মানুষ। তাদের হাতে শোভা পাচ্ছিল ফিলিস্তিনের পতাকা আর গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে লেখা প্ল্যাকার্ড।
ইজরায়েলের বিরুদ্ধে গাজায় ২৩ হাজার বেসামরিক মানুষ হত্যার মাধ্যমে গণহত্যার অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা, যেখানে ১০ হাজারের বেশি শিশু।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে