ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন জানাবে তুরস্ক
তুরস্ক বাংলাদেশকে ২০২৬-২০২৭ সালের জন্য ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির পদে সমর্থন জানাবে।
ঢাকায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত রামিস সেন এ তথ্য জানিয়েছেন। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে এ কথা জানান তিনি।
বৈঠকে রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশি প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অংশীদারত্ব আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বৈঠকে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষামূলক সম্পর্কের বৃদ্ধিকে স্বাগত জানান এবং তুর্কি সংস্কৃতির জনপ্রিয়তা তুলে ধরেন। তিনি বাংলাদেশের মধ্যে তুর্কি ঐতিহ্য প্রচারের জন্য একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব দেন।
বৈঠকে দুই পক্ষই গুরুত্বপূর্ণ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, দ্বিপক্ষীয় বাণিজ্যের ইতিবাচক গতিশীলতা এবং বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে যৌথ প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়।
প্রতিমন্ত্রী তুরস্ককে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য স্বাগত জানান এবং তা সহজতর করতে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতের সহযোগিতার প্রসার ও সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের জন্য তুরস্কের মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতি ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তুরস্কের ভূমিকা রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসনে গুরুত্বপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে