টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলি
নেতাকর্মীদের গ্রেপ্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এ সময় থানায় আটক দলীয় নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা জানান, গত ১০ ও ১৫ নভেম্বর গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে মঙ্গলবার দিনের বেলায় গ্রেপ্তার করে পুলিশ।
তাদের ছিনিয়ে নিতে সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। তবে পুলিশ আটক ব্যক্তিদের ছাড়তে অস্বীকৃতি জানালে একপর্যায়ে থানায় হামলা চালান ঘেরাওকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়লে হামলাকারীদের মধ্যে অন্তত দুজন আহত হন বলে তাঁরা খবর পেয়েছেন।
এরপর আবারও হামলা চালিয়ে থানায় আগুন দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের গাড়িতেও আগুন দেওয়া হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার ও টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি। তবে জেলা পুলিশের একজন কর্মকর্তা থানায় আগুন দেওয়া এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা স্বীকার করেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
মতামত দিন