Views Bangladesh Logo

ড. ইউনূসের সাক্ষাত চান টিউলিপ সিদ্দিক

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাত পেতে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক।

গার্ডিয়ান জানায়, চিঠিতে টিউলিপ উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ‘ভুল বোঝাবুঝি’র মীমাংসা করতে চান তিনি।

রাজা চার্লসের আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে সোমবার (৯ জুন) যুক্তরাজ্যে যাচ্ছেন ড. ইউনূস। সফরে দেশটির রাজা ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।

গত বছর যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে নগর উন্নয়ন ও ট্রেজারি বিষয়ক মন্ত্রী হন টিউলিপ। তবে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) টিউলিপসহ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু করে।

প্রাথমিক অনুসন্ধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগে টিউলিপের সম্পৃক্ততার ইঙ্গিত দেয় দুদক। আরও অভিযোগ তোলে, আওয়ামী লীগের ঘনিষ্ঠজনদের কাছ থেকে উপহার হিসেবে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট পেয়েছেন তিনি।

টিউলিপ অবশ্য দাবি করেছেন, ফ্ল্যাটটি তিনি বাবা-মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং এটির প্রকৃত উৎস সম্পর্কে আগে অবগত ছিলেন না। যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী সংস্থা তার এই বক্তব্য মেনে নিলেও রাজনৈতিক চাপে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি। এখন কেবল এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন টিউলিপ।

চিঠিতে টিউলিপ লিখেছেন, 'আমি লন্ডনে জন্মেছি, যুক্তরাজ্যের নাগরিক এবং গত এক দশক ধরে হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে জনগণের প্রতিনিধিত্ব করে আসছি। বাংলাদেশে আমার কোনো সম্পত্তি নেই, ভবিষ্যতেও সে দেশে কোনো ব্যবসায়িক পরিকল্পনা বা আগ্রহ নেই। আমি বাংলাদেশকে ভালোবাসি। তবে সেটি আমার জন্মভূমি নয়'।

তিনি অভিযোগ করেন, 'আমার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান পুরোটাই অলীক। তারা আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ না করেই একতরফাভাবে প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমে প্রকাশ করছে। এমনকি তারা যেসব ঠিকানায় চিঠি পাঠাচ্ছে, সেগুলোর কোনো সংশ্লিষ্টতাও নেই'।

ড. ইউনূসকে চিঠিতে টিউলিপ লেখেন, 'আপনি যুক্তরাজ্য সফরে আসছেন। আমি আপনার সঙ্গে সাক্ষাতে আগ্রহী। আমার সম্পর্কে, বিশেষ করে আমার পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে যেসব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা আপনাকে সরাসরি জানাতে চাই। আশা করি, সাক্ষাতে ভুল ধারণাগুলো দূর হবে'।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ