Views Bangladesh Logo

দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে সংসদে রুমিন ফারহানার রসিকতা

জ্বালানি সংকট ও লোডশেডিং নিয়ে সরকারের সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। গ্যাস ও বিদ্যুতের সরবরাহ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরে তিনি বলেন, সরবরাহ কখন আসে আর কখন চলে যায়, তা নিয়ে মানুষের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় গ্যাস ও বিদ্যুতের পরিস্থিতি বোঝাতে রসিকতার সুরে তিনি বলেন, দুষ্টু লোকেরা বলে, ‘টুকু আসে, টুকু যায়। এই আসে, এই যায়। কতক্ষণ থাকে, তারা নাকি বুঝতে পারেন না।’

রুমিন ফারহানা বলেন, একদিকে তেলের দাম বাড়ছে, অন্যদিকে বিদ্যুতের জন্য মানুষের হাহাকার রয়েছে এবং অনেক জায়গায় গ্যাসও পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে নির্বাচনের আগে এক কোটি নতুন কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মধ্যে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এবং ৯ শতাধিক কলকারখানা বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে নতুন কর্মসংস্থান কীভাবে সৃষ্টি হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। পাশাপাশি বর্তমানে যারা চাকরিতে আছেন, তাদের কর্মসংস্থান কত দিন টিকে থাকবে, তা নিয়েও উদ্বেগ জানান।

সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির প্রসঙ্গ তুলে রুমিন ফারহানা বলেন, এর মধ্যে আইনশৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতের নিশ্চয়তা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এসব ক্ষেত্রে মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, এ বিষয়ে কথা বলতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী হয় ব্যঙ্গ করেন, নয়তো বাক্‌চাতুর্যের মাধ্যমে বিষয়টি আড়াল করার চেষ্টা করেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বললে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভিন্ন চিত্র পাওয়া যায় বলেও মন্তব্য করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ